প্রিন্ট এর তারিখঃ Sep 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2026 ইং
জমির পাশের রাস্তা বন্ধের অভিযোগ, সংঘাতের আশঙ্কা

দৌলতপুরে জমির পাশের রাস্তা বন্ধের অভিযোগ, সংঘাতের আশঙ্কা
(কুষ্টিয়া) প্রতিনিধিঃ-এস,এম, বাদল
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ স-মিলপাড়া এলাকায় জমির পাশ দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় কয়েকটি পরিবারের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং যেকোনো সময় বিরোধকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন অভিযোগকারীরা।
এ বিষয়ে প্রতিকার চেয়ে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন একই এলাকার মো. মিজানুর রহমান (৬৫)। অভিযোগে তিনি স্থানীয় আরজেত আলী (৬৫) ও হিটু (৫০)-এর বিরুদ্ধে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, হোসেনাবাদ স-মিলপাড়া এলাকায় পদ্মা নদীর ভাঙনের কারণে প্রায় ১৮ থেকে ২০টি পরিবারের বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এরপর প্রায় ২৫ বছর আগে বিভিন্ন সময়ে স্থানীয় কয়েকজনের কাছ থেকে জমি খরিদ করে ভুক্তভোগী পরিবারগুলো সেখানে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন।
অভিযোগে বলা হয়, জমি খরিদের সময় স্থানীয় বাসিন্দাদের চলাচলের জন্য ২ নম্বর বিবাদী হিটুর জমির পাশ দিয়ে প্রায় ৬ ফুট প্রশস্ত একটি রাস্তা রাখার বিষয়টি তাদের জানানো হয়েছিল। সেই অনুযায়ী দীর্ঘদিন ধরে পরিবারগুলো ওই রাস্তা ব্যবহার করে আসছিল।
তবে বর্তমানে হিটুর জমির পাশ দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে সেখানে বেড়া দেওয়ার অভিযোগ করেছেন মিজানুর রহমান। এতে স্থানীয় পরিবারগুলোর চলাচলের বিকল্প কোনো রাস্তা না থাকায় তারা চরম দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, রাস্তা দিয়ে চলাচলের চেষ্টা করলে হিটুর লোকজন তাদের বাধা দেন এবং হুমকি-ধামকি দেওয়ার ঘটনাও ঘটছে। এমনকি ভাড়াটিয়া লোকজন দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগও করা হয়েছে।
এ বিষয়ে ১ নম্বর বিবাদী আরজেত আলীকে রাস্তার বিষয়টি সমাধানের জন্য জানানো হলেও তিনি কার্যকর কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগকারীর দাবি। ফলে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং রাস্তা বন্ধ করে দিলে বিবাদীদের সঙ্গে তাদের বিরোধ আরও বাড়তে পারে। এতে যেকোনো সময় মারামারি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
অভিযোগকারী আরও জানান, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেও সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু স্থায়ী সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা।
এ অবস্থায় বিষয়টি সরেজমিনে তদন্ত করে দীর্ঘদিনের চলাচলের রাস্তা উন্মুক্ত রাখা এবং ভবিষ্যতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে আবেদন জানিয়েছেন মো. মিজানুর রহমান।
তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে প্রশাসনের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের পর প্রকৃত ঘটনা আরও স্পষ্ট হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv